সাভারে বহুতল ভবনে ঝুলছে মরিচাধরা ভারী লোহার পাত: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা রাজ্জাক প্লাজার পাশের একটি বহুতল ভবনে থাকা বিশালাকার বিলবোর্ডটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকা এই বিলবোর্ডের ওপরের অংশের ভারী লোহার শিট আলগা হয়ে বিপজ্জনকভাবে বাতাসে দুলছে। যেকোনো মুহূর্তে এটি নিচে ধসে পড়ে বড় ধরনের প্রাণহানি ও দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, ভবনটির পাশের দেয়ালে বহু পুরোনো একটি বিজ্ঞাপনী বিলবোর্ডের কাঠামো রয়েছে। এর ওপরের অংশের লোহার পাতগুলো মরিচা ধরে কাঠামো থেকে আলাদা হয়ে গেছে। বিশেষ করে একটি বড় লোহার শিট মারাত্মক কোণে বাঁকা হয়ে নিচের দিকে ঝুলে রয়েছে। ঠিক তার নিচেই রয়েছে ব্যস্ত ফুটওভার ব্রিজ, মূল সড়ক ও ফুটপাত, যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী চলাচল করেন।

এলাকাবাসীর অভিযোগ, ঝড়-বৃষ্টি বা তীব্র বাতাসের সময় এই আলগা লোহার পাতটি বিপজ্জনকভাবে নড়াচড়া করে। নিচে ব্যস্ত সড়ক ও পথচারীদের চলাচলের পথ থাকায় যেকোনো সময় এটি খসে পড়লে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। অথচ বিষয়টি সংশ্লিষ্ট ভবন কর্তৃপক্ষ বা দায়িত্বশীলদের নজরে এলেও তা অপসারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের দাবি, অনতিবিলম্বে পৌরসভা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে এই ঝুঁকিপূর্ণ লোহার পাত ও জরাজীর্ণ বিলবোর্ড অপসারণ করে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top