নীলফামারীর ডিমলা উপজেলায় রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল করার অভিযোগ উঠেছে। মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো’ স্লোগান দিতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিমলা উপজেলার তিস্তা নদীর পাড়ে আনন্দবাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, আনন্দবাজার এলাকার ছাত্রলীগ কর্মী আরসাদুলের নেতৃত্বে মিছিলটি বের হয়। যুবশক্তির টেপাখড়িবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক মাহফুজার রহমান বলেন, ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরসাদুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ছাত্রলীগ কর্মী মিছিল বের করেন। তিস্তা নদীর পাশে কিছুক্ষণ মিছিল করার পর তারা সেখান থেকে চলে যান।
মিছিলের একটি ভিডিও আরসাদুল তাঁর ফেসবুক আইডিতে শেয়ার করেছিলেন বলেও দাবি করেন মাহফুজার রহমান। পরে ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয় বলে তিনি জানান। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডিমলা উপজেলা শাখার সদস্যসচিব রাসেদুজ্জামান রাসেদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার ঘটনার পরও আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থেমে নেই। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে নদীর পাশের কোনো এলাকায় মিছিলটি হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




