চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-দক্ষিণ)-এর স্পেশাল টিম-০১-এর অভিযানে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) রাত ১টা ৫০ মিনিটে নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-দক্ষিণের স্পেশাল টিম জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে চেকপোস্ট বসানো হয়।
অভিযানে ট্রাকের চালক মো. রুহুল আমিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা থাকার কথা জানান। পরে তাঁর দেখানো মতে ওই চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় যশোর-ট-১১-২৫৬৩ রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




