হালকা কুয়াশার চাদরে প্রকৃতি,উঁকি দিচ্ছে শীতের আগমনী বার্তা

ভোরের আকাশে জমে কুয়াশার স্তর। সবুজ ধানের শীষে ও দুর্বাঘাসের ডগায় শিশিরবিন্দু মুক্তার দানার জ্বলজ্বল করে।
স্নিগ্ধতার আঁচল বিছিয়ে শরৎ বিদায়ের পর হেমন্তের প্রথম মাস কার্তিকের পঞ্চম দিন আজ। হেমন্তের আগমনী বার্তা নিয়ে কুয়াশার নরম ঘোমটা উঠেছে প্রকৃতির মুখে। আশ্বিন মাসে গা শিনশিন না করলেও কার্তিকের শুরুতেই উত্তরের জেলা দিনাজপুরের  নবাবগঞ্জ উপজেলায় প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
বুধবার (২১ অক্টোবর) ভোরে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রকৃতির পালাবদলে ভোরের পরিবেশে এসেছে ভিন্নতা। কুয়াশায় ঢেকে রয়েছে রাস্তাঘাট, মাঠঘাট ও লোকালয়। সকালের পরিবর্তিত এমন আবহাওয়ায় মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, এক সপ্তাহ ধরে ভোর থেকে সকাল পর্যন্ত চারদিক কুয়াশায় ঢেকে যাচ্ছে। আগেভাগেই শীতের আমেজ নামতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যা হতে না হতেই হালকা শীত অনুভূত হচ্ছে। হিমেল বাতাস আর ভোরের কুয়াশায় বদলে যেতে শুরু করেছে চেনা সকাল।
নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের বাসিন্দা মো.সাইফুল ইসলাম বলেন, কয়েক দিন থেকে সন্ধ্যার পর বাহিরে বের হলে বেশ শীত অনুভূতি হচ্ছে। ভোরের স্নিগ্ধ বাতাস আর কুয়াশার আবছা দৃশ্য বলে দিচ্ছে, শীত আসন্ন।দিনাজপুরের আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত এক সপ্তাহ থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে ফলে কুয়াশাভেজা প্রকৃতিতে আগেভাগেই দিনাজপুরে শীতের আগমনী বার্তা লক্ষ্য করা যাচ্ছে।ভাদুরিয়া ইউনিয়নের বাসিন্দা  জাহিদ হাসান বলেন, হেমন্ত এলেই মনে হয় প্রকৃতিতে নতুন সাজে চারদিকে ছড়িয়ে পড়েছে এক অনির্বচনীয় প্রশান্তির সুর যা জানিয়ে দিচ্ছে শীত ধীরে ধীরে ও মৃদু পায়ে এগিয়ে আসছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top