সিলেটে মহাসপ্তমী উদ্‌যাপন, পূজামণ্ডপে ভক্তদের ভিড়

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ উপলক্ষে সিলেটের বিভিন্ন পূজামণ্ডপে চলছে পূজার আনুষ্ঠানিকতা। ঢাকের বাদ্য, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের উপস্থিতিতে মণ্ডপে মণ্ডপে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
রোববার সকাল থেকেই সিলেটের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের আনাগোনা বাড়ছে। দেবী দুর্গার আশীর্বাদ কামনায় পূজার পাশাপাশি অঞ্জলি ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।
জেলার জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলাসহ বিভিন্ন এলাকায় বর্ণিল আলোকসজ্জা, দৃষ্টিনন্দন প্রতিমা ও মণ্ডপের সাজসজ্জায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। পরিবারের সদস্যদের নিয়ে পূজামণ্ডপে আসছেন নানা বয়সী মানুষ।
এদিকে, দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা আয়োজকদের।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top