মাগুরা-ফরিদপুর-ঢাকা রুটে ২৪ অক্টোবর থেকে চলবে দুটি বিআরটিসি এসি বাস

মাগুরা, ফরিদপুর ও ঢাকা জেলার বিআরটিসি পরিবহনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৪ অক্টোবর থেকে এ রুটে নতুন একটি এসি বাস চালুর ঘোষণা দেওয়া হয়। এর ফলে এ রুটে মোট দুটি বিআরটিসি এসি বাস চলাচল করবে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কাউন্টারের পরিচালকসহ পরিবহনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
শত্রুজিৎপুর কাউন্টারের পরিচালক মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসি পরিবহনের এমডি মো. আকছাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিআরটিসির পরিচালক ইঞ্জিনিয়ার মো. মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওনারা বাজার কাউন্টারের পরিচালক মো. ইমরুজ আলী মিয়া।
সভায় প্রধান অতিথি মো. আকছাম বলেন, এ পরিবহন সার্ভিস প্রতিষ্ঠা করতে তাঁকে অনেক আর্থিক ঘাটতির মুখোমুখি হতে হয়েছে। তারপরও সবার ভালোবাসার কথা বিবেচনা করে তিনি সার্ভিসটি বন্ধ করেননি। এ ক্ষেত্রে রাকিবুল ইসলাম তাঁকে সব সময় সাহস ও উৎসাহ জুগিয়েছেন।
তিনি আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ২৪ অক্টোবর থেকে এ রুটে নতুন একটি বিআরটিসি এসি বাস চালু করার আশা করছেন। এতে এ রুটে দুটি এসি বাস চলাচল করবে।
পরিবহনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে নিজেদের পরিবহন মনে করে আন্তরিকতার সঙ্গে সার্ভিস পরিচালনা করতে হবে। পাশাপাশি যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা পরিবহন সার্ভিসের উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং পারস্পরিক সমন্বয়ের বিষয়ে মতামত দেন।
পরে দুপুর সাড়ে ১টায় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top