সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার।
জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো হয়েছে। এতে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত বিবরণ, বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে।
বাংলাদেশ মিশনের দাবি, বিদেশি নাগরিকদের গ্রেপ্তার ও বিচারসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনকে অবহিত করার প্রচলিত নিয়ম থাকলেও, এই দুই বাংলাদেশির বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আগে থেকে বাংলাদেশকে কিছুই জানায়নি।
গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি বাংলাদেশের কূটনৈতিক মিশনের নজরে আসে। বর্তমানে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির পাসপোর্ট ও আকামার তথ্য যাচাই করে তাঁদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার চেষ্টা চলছে।
ঘটনাটি নিয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তবে ঠিক কী অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, বিচারপ্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে এবং কেন বাংলাদেশকে আগে জানানো হয়নি—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—বিচারপ্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাংলাদেশকে জানানো হয়নি কেন?




