‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’—বিএনপিকে উদ্দেশ করে নাসিরুদ্দিন পাটওয়ারীর পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা

পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’—এমন মন্তব্য করে বিএনপিকে উদ্দেশ করে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় দায়িত্বশীল নাসিরুদ্দিন পাটওয়ারী। তাঁর এই পোস্ট প্রকাশের পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি এবং ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির সমালোচনা করেন। একই সঙ্গে বিএনপির অতীত ভূমিকা ও বর্তমান সরকারের সংস্কার-সংক্রান্ত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।
নাসিরুদ্দিন পাটওয়ারী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপির অতীতের নানা কর্মকাণ্ডের হিসাব সামনে আনা হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, তখন প্রত্যাশা ছিল স্বৈরাচারের পতনের পর রাষ্ট্র ও রাজনীতির বিভিন্ন অনিয়মের জবাবদিহি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ছিল না; বরং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি ছিল এর অন্যতম প্রধান লক্ষ্য।
পোস্টে সংবিধানে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, স্বাধীন বিচারব্যবস্থা, নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা, জবাবদিহিমূলক প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ নিয়ে বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তাঁর মতে, রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হলে বর্তমান ক্ষমতাসীনদেরও জবাবদিহির আওতায় আসতে হবে।
জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির বিরোধিতা না করেও তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জবাবদিহিমূলক ও স্বাধীন না হলে এসব উদ্যোগের মাধ্যমে গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়।
পোস্টের শেষাংশে ক্ষমতার দম্ভ ও জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার পরিণতি সম্পর্কে সতর্ক করে নাসিরুদ্দিন পাটওয়ারী লেখেন, ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।’ তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করেই বিএনপির রাজনৈতিক অবস্থান, রাষ্ট্র সংস্কার এবং গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে এ বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top