পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুবিধার্থে উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি নতুন ইসিজি (ECG) মেশিন প্রদান করা হয়েছে।
এতে করে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আসা সাধারণ ও জরুরি রোগীদের দীর্ঘদিনের চিকিৎসাসেবার একটি বড় ধরনের সমস্যার সমাধান হলো।
নতুন ইসিজি মেশিন স্থাপন করায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন ছাত্রদল নেতা রেদাউনউল মজিদ। তিনি জানান, সাধারণ মানুষ যেন চিকিৎসাসেবা নিতে এসে কোনো ধরনের ভোগান্তি বা কষ্টে না পড়েন, সেই তাগিদ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি বিষয়টি নিয়ে ইতিপূর্বে প্রতিবাদ জানিয়েছিলেন।
ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে জানা যায়, কিছুদিন আগে ছাত্রদল নেতা রেদাউনউল মজিদ অসুস্থ অবস্থায় গভীর রাতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসার জন্য যান। সে সময় তাঁর জরুরি ইসিজি পরীক্ষার প্রয়োজন হলেও স্বাস্থ্য কমপ্লেক্সের ইসিজি মেশিনটি নষ্ট থাকায় তিনি সেবা না পেয়ে ফিরে আসতে বাধ্য হন।
রোগীদের এমন দুর্ভোগ ও ভোগান্তির চিত্র দেখে তিনি প্রকাশ্যে প্রতিবাদ জানান এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিবাদের প্রেক্ষিতে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে উপজেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি নতুন আধুনিক ইসিজি মেশিন হস্তান্তর করা হয়।
নতুন এই সরঞ্জাম যুক্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় রেদাউনউল মজিদ বলেন,
“আমার চাওয়া এতটুকুই ছিল—বাউফলের কোনো মানুষ যেন চিকিৎসাসেবা নিতে এসে কষ্ট না পায়। আলহামদুলিল্লাহ, আজ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ECG মেশিন এসেছে। আজ নিজের কাছেও খুব ভালো লাগছে, কারণ সাধারণ মানুষের সুবিধার জন্য চাওয়া একটি দাবি বাস্তবে পূরণ হতে দেখছি।”
এ সময় তিনি দ্রুততম সময়ে এ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করার জন্য বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।




