ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শিক্ষাবান্ধব উদ্যোগ “অ্যাথেনিয়াম”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে “অ্যাথেনিয়াম”-এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. রকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুস্তাফিজুর রহমান এবং ওসি (তদন্ত) সাইদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় একটি সমৃদ্ধ মতবিনিময় সভা। সভায় শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আরও এগিয়ে নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলও বিতরণ করা হয়।
শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান
এসময় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। ‘অ্যাথেনিয়াম’-এর মতো উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি পর্যায়ে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত করা প্রয়োজন।”
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা ও সংস্কৃতির প্রসারে “অ্যাথেনিয়াম”-এর এই উদ্যোগ বোয়ালমারী উপজেলার শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




