খুলনায় হঠাৎ বাজারে যুবককে কুপিয়ে জখম

খুলনা নগরীর লবণচরা থানাধীন হঠাৎ বাজার ইসলামপাড়া বালুর মাঠ এলাকায় এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) সকালের দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবকের নাম রানা (২৮)। তিনি খুলনার সদর থানাধীন রূপসা নতুন বাজার ওয়াপদা এলাকার বাসিন্দা আব্দুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ বাজার ইসলামপাড়া বালুর মাঠ এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রানার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। রানার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা কোনো বিরোধের জের ধরে এই পরিকল্পিত হামলার ঘটনা ঘটতে পারে। তবে হামলার প্রকৃত কারণ এবং জড়িত সন্ত্রাসীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এই ঘটনার পর থেকে হঠাৎ বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top