বাগেরহাটে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকারি লাইব্রেরিয়ান বাগেরহাট জেলা সরকারি রাশেদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান, শিক্ষক ও সাংস্কৃতি ব্যক্তিত্ব মুখার্জি রবীন্দ্রনাথ, সহকারি রেজিস্টার বাগেরহাট সদর হাসপাতালের ডা. সাকিয়া হক সহ অনেকে।
অনুষ্ঠানে সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি, নজরুল ও রবীন্দ্রসংগীত এবং নৃত্য পরিবেশন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া নজরুলসংগীত ‘বাগিচায় বুলবুলি তুই…পরিবেশন করেন পলক এবং রবীন্দ্রসংগীত তুমি রবে নীরবে… পরিবেশন করেন অর্পণ পাল। লোকসংগীত, নজরুলসংগীত ও নৃত্যের বিভিন্ন পরিবেশনাও ছিল অনুষ্ঠানে।
নৃত্য পরিবেশনায় অংশ নেন বর্ণনা গোলদার, আনিশা তাহসিন পিয়াসা ও অর্চি দাস। পুরো আয়োজনজুড়ে সাহিত্য, সংগীত ও নৃত্যের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও সৃজনশীলতার নানা দিক তুলে ধরা হয়।
এসময় বক্তারা বলেন, পাঠাভ্যাস গড়ে তোলা, সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়ানো এবং মানুষের মধ্যে জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যেই ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় এ ধরনের আয়োজন করা হচ্ছে।
দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি জ্ঞানচর্চার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।




