পোরশায় ঘর প্লাস্টার করাকে কেন্দ্র করে মারামারি: আহত ৪, গ্রেপ্তার ২ জন আদালতে সোপর্দ।

নওগাঁর পোরশায় নতুন ঘর প্লাস্টারের কাজকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর বাঙ্গালপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
​এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবুল কালাম (৪০) বাদী হয়ে মোঃ কেরামুদ্দীন (৬০) ও মোঃ কলিমুদ্দিনসহ (২৮) ৭ জনের নাম উল্লেখ করে পোরশা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
​আহতরা হলেন— মোঃ আবু হায়াত, মোঃ আবুল কালাম, তাদের বোন মোসাঃ লতিফা এবং বোন জামাতা মোঃ মাসুদ (৩২)।
​এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে আবুল কালামের নতুন বাড়ি প্লাস্টারের কাজ করছিলেন রাজমিস্ত্রিরা। এসময় বিবাদীরা অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্র (হাসুয়া, লোহার রড, শাবল ও বাঁশ) নিয়ে কাজে বাধা দেয়। বাদী আবুল কালামের ভাই আবু হায়াত কাজের বিষয়ে প্রতিবাদ করলে ১নং বিবাদী মোঃ কেরামুদ্দীনের হুকুমে ২নং বিবাদী মোঃ কলিমুদ্দিন ধারালো হাসুয়া দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। এতে আবু হায়াতের ডান হাতের কবজির হাড় কেটে গুরুতর জখম হয়।
​পরবর্তীতে অন্যান্য ভুক্তভোগীরা বাঁচাতে এগিয়ে এলে বিবাদীরা লোহার রড ও শাবল দিয়ে আবুল কালাম, মাসুদ ও লতিফাকে এলোপাতাড়ি মারধর করে শরীরে জখম করে। অভিযোগ করা হয়, হামলাকারীরা লতিফার কান থেকে ৪৫ হাজার টাকা মূল্যের ৪ আনা ওজনের স্বর্ণের দুল এবং আবু হায়াতের কাছে থাকা ব্যবসার নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
​পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আবু হায়াতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্য আহতরা পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
​এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান  জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় আসামি কলিমুদ্দিন ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top