টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ ও মোটাদাগে ভোক্তাস্বার্থ বিরোধী নানা অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে মির্জাপুর উপজেলার সোহাগপুর ও গোড়াই এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত হয় এই তদারকিমূলক অভিযান।
অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা-বাসি খাবার সংরক্ষণ করে তা বিক্রির অপরাধে সোহাগপুর এলাকার ‘বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গোড়াই এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘মোল্লা ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গোড়াই ওভারব্রিজের (উড়াল সেতু) নিচে অতিরিক্ত দামে ফল বিক্রির দায়ে তিন ফল বিক্রেতাকে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের অধিকার রক্ষা ও স্বাস্থ্যের ঝুঁকি এড়াতে বাজার মনিটরিং করা হয়েছে। অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। সাধারণ মানুষের স্বার্থে এবং ভেজাল ও অসাধু ব্যবসায়ীদের রুখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




