কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় চোরাকারবারিরা।
রোববার (৪ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটের দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল শয়তানের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল বিজিবির একটি টহলদল। এ সময় সীমান্তের দিক থেকে কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের গতিবিধি লক্ষ্য করেন। পরে তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে বিজিবি। জব্দকৃত গাঁজার সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




