দিনাজপুরের বিরামপুর উপজেলার ২নং কাটলা ইুনিয়নের উত্তর কাটলা (অভিরামপুর) গ্রামে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে মালিহা জান্নাত মেহেজাবিন (২) ও তাহিয়া জান্নাত (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত মালিহা জান্নাত মেহেজাবিন (২) গ্রামের হুমায়ন কবিরের মেয়ে ও তাহিয়া জান্নাত (৩) একই গ্রামের তারিকুল ইসলামের মেয়ে। শিশু দুটিদ দুইজন দুজনের প্রতিবেশি। নিহত দুই শিশুর বাবা পেশায় কৃষিশ্রমিক।
০১ অক্টোবর বৃহস্পতিবার সকালে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সাজেদুল ইসলাম ডব্লিন বলেন, শিশু মালিহা জান্নাত ও তাহিয়া জান্নাত বাড়ির সামনে আঙিনায় খেলছিল। এ সময় দুই শিশুর বাবা- মা বাড়িতে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে দুই শিশু বাড়ির সামনের একটি ডোবার দিকে চলে যায়। কিছুক্ষণ পরে ওই বাড়ির সামনের একটি হাফেজিয়া মাদ্রাসার জনৈক একজন শিক্ষক ডোবার পুকুরে একটি শিশুকে ভেসে থাকতে দেখেন। ওই শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে একই ডোবা থেকে মালিহা জান্নাত ও তাহিয়া জান্নাতকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে, তাহিয়া জান্নাতকে তার পরিবারের লোকজন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুকুরের পানিতে ও ডোবায় ডুবে শিশুর মৃত্যু নিয়ে সতর্কতার বিষয়ে উত্তর কাটলা গ্রামের বাসিন্দা সবেদুল ইসলাম বলেন, ‘যাদের বাড়ির আশপাশে পুকুর-পুষ্কনি ও ডোবা আছে সেখানে শিশুরা যেনো নামতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে। পুকুর ও ডোবার পাশ ঘিরিয়ে রাখলে শিশুরা পানিতে নামতে পারতো না।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, বাড়ির পাশে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পর্ব প্রক্রিয়াধীন রয়েছে।।




