ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া পিয়েলের বিরুদ্ধে অনৈতিক কমিশন দাবি, কাজ বন্ধ রাখা এবং উন্নয়ন বিল আটকে রাখার অভিযোগে উচ্চপর্যায়ের তদন্ত নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অনৈতিক ৫% কমিশন দিতে অস্বীকৃতি জানানোয় উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজের প্রায় ৯০ লাখ টাকার বিল তামাদি ও আটকে রাখা হয়েছে। গত ১৭ আগস্ট ২০২৬ইং কিশোরগঞ্জের মেসার্স সাকিন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোঃ সাইফ উদ্দীন হিরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর উক্ত মন্ত্রণালয়ের উপসচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত পত্রে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সরকারি বিধি মোতাবেক নিজ জেলায় কর্মস্থলে চাকুরি করার নিয়ম না থাকলেও অজ্ঞাত কারণে তিনি নিজ উপজেলার পাশ্ববর্তী নান্দাইলে কর্মরত থাকায় ঠিকাদারদের সাথে অসৌজন্যমূলক আচরণেরও অভিযোগ তুলে ধরা হয়।
ঠিকাদার সাইফ উদ্দিন জানান, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়েল যোগদানের (০৭ এপ্রিল ২০২৬) পর থেকেই ক্ষমতার অপব্যবহার করছেন। প্রস্তুতকৃত বিলের বিপরীতে অনৈতিকভাবে দাবিকৃত ৫% কমিশন দিতে অস্বীকৃতি জানালে কোনো কারণ দর্শানোর নোটিশ বা লিখিত আদেশ ছাড়াই বিল তামাদি করাসহ ঠিকাদারি লাইসেন্স বাতিলের হুমকি প্রদান করা হয়। ফলে নারায়ণপুর বিদ্যালয়ের ৩০ জুন ২০২৬ পর্যন্ত সম্পাদিত কাজের বিপরীতে প্রস্তুতকৃত ১৮ লক্ষাধিক টাকার পে-অর্ডার এবং দেউল ডাংরা বিদ্যালয়ের ১০ লক্ষ টাকার প্রস্তুতযোগ্য বিল অন্যায্যভাবে আটকে রাখা হয়েছে।
এছাড়া ঠিকাদার আমরু ও সাইফুল ইসলাম ভূইয়াসহ আরও অনেকেই জানান, উপজেলার চণ্ডিপাশা, কয়রাটি, রসুলপুর, আল আজহার, জালুয়া পুকুরিয়াপাড়া, ধিতপুর, কোনাডাংগর ও দেওয়ানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের পাওনা বিল আটকে রাখা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়েল জানান, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়; নির্ধারিত সময়ে কাজ না করায় সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।




