আজ ২৩ নভেম্বর, ঐতিহাসিক রাজাপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রাম ও গৌরবোজ্জ্বল ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সূচনা করে এদিন ৯ নম্বর সেক্টরের প্রথম জনপদ হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় রাজাপুর।
মুক্তিযুদ্ধের শুরু থেকেই রাজাপুরের দামাল ছেলেরা দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে জীবনবাজি রেখে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ সংগ্রাম ও বীরত্বপূর্ণ প্রতিরোধের পর ১৯৭১ সালের ২৩ নভেম্বর হানাদারমুক্ত হয় এই জনপদ, যা সমগ্র দক্ষিণাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মনোবলকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং বিজয়ের পথকে আরও প্রশস্ত করে।
ঐতিহাসিক ও গৌরবময় এই দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতায় স্মরণ করা হচ্ছে। একইসঙ্গে দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রাখা জীবিত ও প্রয়াত সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি জানানো হচ্ছে গভীর সম্মান। বীর সেনানীদের অপরিসীম সাহস, ত্যাগ ও আত্মোৎসর্গের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এবং বাঙালি পেয়েছে কাঙ্ক্ষিত লাল-সবুজের পতাকা।
ঐতিহাসিক রাজাপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজাপুরের সর্বস্তরের জনগণকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।




