বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের কাছে ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন এক দফায় রূপ নেবে। তিনি বলেন, এ আন্দোলন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; জনগণের অধিকার আদায়ের আন্দোলন।
(১৯ সেপ্টেম্বর) শনিবার দুপুরে ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সরকার আমাদের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়ন করলে আলহামদুলিল্লাহ। আর দাবি না মানলে ৮ দফার আন্দোলন অনতিবিলম্বে ১ দফার আন্দোলনে রূপ নেবে।”
তিনি আরও বলেন, আমরা গাড়িতে করে আসার সময় রাজপথে সাধারণ মানুষ হাতের এক আঙুল তুলে ‘এক দফা, এক দফা’ স্লোগান দিচ্ছেন। আপনারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ, আন্দোলন সফল করেই আমরা ঘরে ফিরব।
জামায়াত আমির বলেন, “আমরা এখন ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছি। তবে প্রয়োজনে আপনাদের সিরাজগঞ্জ থেকে ঢাকায় লংমার্চ করার জন্য প্রস্তুত থাকতে হবে।”
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলমের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, নুরুল ইসলাম বুলবুল এমপি, জাগপার নেতা রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
পথসভা শেষে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে।




