৬১ বছর ধরে রেডিওর সঙ্গী ‘বিবিসি কাকা’ আব্দুল হামিদ

আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে মানুষের বিনোদন ও সংবাদ জানার মাধ্যম। এখন মোবাইল ফোন, টেলিভিশনসহ নানা প্রযুক্তির মাধ্যমে মুহূর্তেই দেশ-বিদেশের খবর জানা এবং বিনোদন উপভোগ করা যায়। তবে এসবের ভিড়েও ৬১ বছর ধরে রেডিওকে নিজের নিত্যসঙ্গী করে রেখেছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আব্দুল হামিদ। স্থানীয় অনেকের কাছে তিনি পরিচিত ‘বিবিসি কাকা’ নামে।

গল্পের শুরু ১৯৬৫ সালে। তখন আব্দুল হামিদ ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে সময় পাকিস্তান-ভারত যুদ্ধ চলছিল। খবর জানার অন্যতম প্রধান মাধ্যম ছিল রেডিও। গান, সংবাদ কিংবা দূর-দূরান্তের নানা তথ্য—সবকিছুর জন্যই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল রেডিও।

পড়াশোনার পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করে জমানো ৮০ টাকা দিয়ে তখন একটি রেডিও কেনেন আব্দুল হামিদ। এরপর কেটে গেছে ৬১ বছর। সময়ের সঙ্গে বদলে গেছে প্রযুক্তি, বদলে গেছে মানুষের বিনোদনের ধরন। কিন্তু বদলায়নি আব্দুল হামিদের অভ্যাস। এখনো সংবাদ ও বিনোদনের জন্য তার একমাত্র ভরসা সেই রেডিও।

একসময় তার রেডিও শুনতে বাড়িতে ভিড় করতেন আশপাশের মানুষ। সবাই মিলে শুনতেন খবর, গান ও বিভিন্ন অনুষ্ঠান। সময়ের সঙ্গে সেই ভিড় কমেছে, হারিয়েছে রেডিওর আগের কদরও। কিন্তু আব্দুল হামিদের রেডিওপ্রেমে কোনো ভাটা পড়েনি।

যারা আজ তাকে নিয়ে হাসি-ঠাট্টা করেন, তাদের অনেকেই একসময় এই রেডিও শুনতে শুনতেই বড় হয়েছেন।

বর্তমানে মুহূর্তেই খবর পৌঁছে যায় মানুষের হাতে থাকা মুঠোফোনে। বিনোদনের জন্যও রয়েছে অসংখ্য মাধ্যম। তবুও আব্দুল হামিদের কাছে রেডিও শুধু সংবাদ কিংবা বিনোদনের মাধ্যম নয়; এটি তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা দীর্ঘ ৬১ বছরের এক অমলিন ভালোবাসার নাম।

স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক শামসু মাস্টার বলেন, ‘আব্দুল হামিদ একজন সাহিত্য ও সংস্কৃতিমনা মানুষ। তিনি দীর্ঘদিন ধরে রেডিও শুনছেন। বর্তমান প্রজন্মের কাছে রেডিও অনেকটাই অপরিচিত। এর পরও আমাদের প্রজন্মের একজন বাস্তব রেডিও শ্রোতা হিসেবে আব্দুল হামিদ এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছেন।’

রেডিওপ্রেমী আব্দুল হামিদ বলেন, ‘১৯৬৫ সাল থেকে আমি রেডিও শুনি। একসময় রেডিও শোনার জন্য আমাদের বাড়িতে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাতেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় রেডিওতে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ শুনতাম। প্রযুক্তির এই সময়ে এসেও রেডিওই আমার পছন্দ। এখনো আমি নিয়মিত রেডিও শুনি। বিবিসির খবর শোনার কারণে অনেকেই আমাকে ‘বিবিসি কাকা’ বলে ডাকেন।’

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top