ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সাভার ও আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ ঘটনায় অনেক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির প্রায় ২০ জন আহত হয়েছেন।
শিল্প পুলিশ জানায়, আজ (রোববার) দুপুরে সাভারের হেমায়েতপুরে অবস্থিত একেএইচ গার্মেন্টসে হামলা চালান একদল দুর্বৃত্ত। এ সময় তাঁরা কারখানাটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান। পাশাপাশি কারখানার কয়েকটি গাড়ি ভাঙচুর করে মূল ফটকে আগুন ধরিয়ে দেন। হামলায় কারখানাটির প্রায় ২০ জন আহত হন।
এদিকে একই দাবিতে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। পরে শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের কারখানার ফটক ও মহাসড়ক থেকে সরিয়ে দেন। এ ছাড়া শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে থমথমে অবস্থা বিরাজ করায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।



