ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাষাশহীদ আব্দুল জব্বার স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এবং গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি জুলাই অভ্যূত্থানের পর থেকে পলাতক থাকলেও গাজীরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভাষাশহীদ আব্দুল জব্বার স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক পদে বহাল রয়েছেন অদ্যবদি! এ যেন আলদিনের চেরাগের মালিক!
আলাদিনের চেরাগকে যেমন নির্দেশ দেওয়া হয়, সে মোতাবেক সবকিছু হয়ে যায় তার ব্যতিক্রম নন আব্দুল মান্নান। তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাসের পর মাস অনুপস্থিত থেকেও অনৈতিকভাবে চেয়ারম্যান পদে অদ্যবদি পর্যন্ত বহাল আছেন সেই সাথে আবার কলেজের প্রধান শিক্ষক পদেও।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ০৪ মার্চ ২০২৫ ইং তারিখ সন্ত্রাসীবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন হালুয়াঘাট থানা পুলিশ, পরবর্তীতে তিনি জামিনে এলেও এলাকায় ফিরে আসেন নাই। তিনি এলাকায় না থাকায় পরিষদের প্যানেল চেয়ারম্যান বা অন্য কাউকে বিধি অনুযায়ী দায়িত্বও বুঝিয়ে দেননি। ফলে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। অপরদিকে ভাষাশহীদ আব্দুল জব্বার স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে প্রায় বছরখানেক সময় ধরে বিনা ছুটিতে অনুপস্থিত থেকেও প্রধান শিক্ষক পদে বহাল রয়েছেন তিনি।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী, কোনো চেয়ারম্যান বা সদস্য পরপর তিনটি সাধারণ সভায় অনুপস্থিত থাকলে বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া টানা অনুপস্থিত থাকলে তার পদ শূন্য ঘোষণা করার বিধান রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
জানা যায় প্রধান শিক্ষক হয়ে তিনিসহ তার পরিবারের পাঁচজনকে বিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। অথচ ভাষাশহীদ আব্দুল জব্বার স্মৃতি স্কুল এন্ড কলেজে ভাষাশহীদ আব্দুল জব্বারের পরিবারের কোনো সদস্যদের চাকুরী হয় নি।
গত ২মার্চ ২০২৫ হালুয়াঘাট উপজেলা পরিষদ গেটের সামনে ৫ নম্বর গাজিরভিটা ইউনিয়নবাসীর উদ্যোগে চেয়ারম্যান আব্দুল মান্নানের নানা অপকর্মের কথা তুলে ধরে তার বিরুদ্ধে আইনগতভাবে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করা হয়। আওয়ামী লীগের সরকারের পতন হলেও তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাপটে চলছেন বলে অভিযোগ করে স্থানীয়রা। তাছাড়াও জমি দখল, ভোট কেন্দ্রে অবৈধভাবে সীল মেরে চেয়ারম্যান হওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ লোটপাট, ক্ষমতার অপব্যবহার করে ইউপি সদস্যদের হুমকি দেওয়াসহ নানা রকম অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান এই চেয়ারম্যানের বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায় কয়েকদিন ইউনিয়ন পরিষদ ও স্কুল পরিদর্শন করেও চেয়ারম্যানকে উপস্থিত পাওয়া যায় নি। এ বিষয়ে ইউনিয়নের সচিব সুব্রত দেবনাথের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম অব্যাহত আছে। যখন কোন ডকুমেন্টস এ চেয়ারম্যানের স্বাক্ষর প্রয়োজন হয় আমি তার বাসায় গিয়ে স্বাক্ষর নিয়ে আসি।
ভাষাশহীদ আব্দুল জব্বার স্মৃতি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নুরুল আলম বলেন প্রধান শিক্ষক নিয়মিত আসেন না তবে মাঝে মাঝে এসে হাজিরা খাতা ও অন্যান্য কাগজপত্রে স্বাক্ষর করে যান।
এই বিষয়ে চেয়ারম্যান আব্দুল মান্নান মুঠোফোনে বলেন দেশের বর্তমান পরিস্থিতির কারনে আমরা সরাসরি অফিস করতে পারি না তবে পরিষদের উন্নয়ন সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। স্কুলের সকল কাজও চলমান রয়েছে। আমি সরাসরি অফিসে না গেলেও কোন কাজ থেমে নেই।
এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান বলেন পূর্বের ইউএনও আলীনুর স্যার থাকাকালে একদিন আমরা স্কুল পরিদর্শন করেছিলাম, তখন আমরা সেদিন তাকে স্কুলে পেয়েছিলাম। তারপর আর ওই স্কুল পরিদর্শন করা হয় নাই। উনি দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকলে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করাব।




