সৌদির রিয়াদ-জেদ্দাসহ একাধিক উপকূলীয় বন্দরে হুতিদের হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে। একই সময়ে দেশটির জেদ্দা বন্দরের আকাশে হুতিদের একটি ড্রোন ধ্বংস এবং রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

এছাড়া ইয়েমেনের তাইজ শহরের আশপাশে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই তীব্র হয়েছে। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের বন্দর, বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও অন্যান্য বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বুধবার (২৫ নভেম্বর) জানিয়েছে, জিজান বন্দরে হুতিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। হামলায় কী ধরনের ক্ষেপণাস্ত্র বা গোলা ব্যবহার করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে জোটটি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে হুতিদের পাঠানো একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে জোটের বাহিনী। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক মানুষ আহত হননি বলেও জানান তিনি।

জোটের বিবৃতির পর ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরার প্রতিনিধি নাবিল আল-ইউসুফি। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।এর আগে গত মঙ্গলবার রিয়াদের আর্থিক কেন্দ্র বলে পরিচিত এলাকায় একটি বহুতল ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হুতিরা। এতে অন্তত ১১ জন আহত হন। রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার এই চেষ্টা ওই ঘটনার পরই হলো।

ইরানের সমর্থনপুষ্ট হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত এভাবে ক্রমেই আরও তীব্র হচ্ছে। দুই পক্ষই বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি আরবের নতুন হামলার খবর প্রকাশের পর সৌদি বন্দরে হুতিদের হামলার ঘটনা ঘটল। হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি হামলার খবর জানিয়েছে।

এর আগে বুধবার হুতিরা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা হামলা চালানো হবে।ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার প্রতিনিধি ইউসুফ মাওরি বলেন, ইয়েমেনে আমদানি করা পণ্যের ৯০ শতাংশই হোদেইদা বন্দর দিয়ে আসে। বন্দরটি বন্ধ হয়ে গেলে দেশটির মানবিক পরিস্থিতি ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে।

তিনি আরও বলেন, হোদেইদা বন্দরে সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত তেলের ট্যাংক ও ক্রেন লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী বিভিন্ন ফ্রন্টে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বুধবার হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৫৪টি হামলা চালানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top