সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ দুই ভারতীয় নাগরিক আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এয়ারগান, প্যালেট গুলি, দা ও মোবাইল ফোনসহ দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে

আটক ব্যক্তিরা হলেন ভারতের খাসিয়া নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। বিজিবি সূত্রে জানা যায়, তারা সীমান্তের ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এস পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা অতিক্রম করে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনারস বাগান নামক স্থানে প্রবেশ করেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটকের সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোনসহ ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top