ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
বুধবার সকালে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, হামলার পরপরই ভবনটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিশ্চিত করা হয়নি।
হুতি বিদ্রোহীদের দাবি, সানায় বেসামরিক স্থাপনায় হামলার জবাব হিসেবেই তারা আরামকোর ভবনকে লক্ষ্যবস্তু করেছে। তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইয়েমেনে সৌদি জোট ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। এর আগেও একাধিকবার আরামকোর স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।




