বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজো বাজারে পর্যটকবাহী গাড়িবহর ও সেনাবাহিনীর ওপর গুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উজো বাজারে এ ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজ সাজেক পর্যটন সড়কে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সকালের দিকে সমর্থকেরা উজো বাজারে টায়ার জ্বালিয়ে সড়কে অবরোধ তৈরি করেন।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, ‘সাজেক পর্যটনকেন্দ্র থেকে স্কটের মাধ্যমে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার সময় বেলা ১১টার দিকে বাঘাইহাটের উজো বাজারে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।’
অন্যদিকে, অবরোধ কর্মসূচি পালনকারীদের অভিযোগ নিরাপত্তা বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। সংগঠনের সদস্য সচিব বিজয় কান্তি চাকমা দাবি করেন, সকাল ৮টার মধ্যে পর্যটকদের ফিরিয়ে নেওয়ার কথা থাকলেও তা না করে সাড়ে ১১টার দিকে নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের দাবি অমান্য করেছে।
একই ধরনের অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ইউপিডিএফের মুখ্য সংগঠক মাইকেল চাকমাও।
বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাজেক এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বর্তমানে নিরাপত্তা বাহিনীর সহায়তায় পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন।




