সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিক নির্যাতন ও হয়রানি প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির নেতারা। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি কে এম রায়হান কবীরের সভাপতিত্বে এবং ধর্ম ও সাহিত্যবিষয়ক সম্পাদক কাজী নাসিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দৈনিক পদ্মা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক আমিনুল শাহ, সংগঠনের সহসভাপতি মোহাম্মদ নান্নু মৃধা, সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ গাজী ও বিধান মজুমদার, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান শেখ, ডেইলি স্টারের শরীয়তপুর প্রতিনিধি ও সংগঠনের সদস্য জাহিদ হাসান রনি, সহসাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান খোকন, সহদপ্তর সম্পাদক ইব্রাহিম মোল্যা, সহপ্রচার সম্পাদক সোলাইমান রানা, সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য ফিরুজ আলম এবং নির্যাতনের শিকার সাংবাদিক ও সংগঠনের সদস্য সালমান।

 

এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হুমকি, হয়রানি কিংবা নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও পেশাগত সংহতি বজায় রাখা জরুরি। সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি সমাজের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

মতবিনিময় সভায় নবগঠিত শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরিসহ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।

 

সভা শেষে উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং জেলার সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top