সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে সাইবার মামলায় উদ্বেগ প্রকাশ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক এহসানুল হকসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও স্বাধীন তদন্ত দাবী
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল  (মৌলভীবাজার), ০৫ নভেম্বর ২০২৬ : শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এহসান বিন মুজাহির (এহসানুল হক) সহ সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব রুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্বে করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন ইংরেজি দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অপর তিনটি স্তম্ভ হচ্ছে, আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। বোঝাই যাচ্ছে গণমাধ্যমের গুরুত্ব ও অবস্থান কোথায়! জনস্বার্থ অভিমুখী মুক্ত গণমাধ্যম ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র পূর্ণতা পায় না। সরকার ও প্রশাসনের অসঙ্গতি ধরিয়ে দেওয়াসহ জনগণের সংগ্রামের সহযোদ্ধা হিসেবে গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হয়।
আসলে গণমাধ্যম হচ্ছে জনগণের সংগ্রামের সহযোদ্ধা, নীতি-আদর্শের যৌথ প্রচারক ও যৌথ আন্দোলনকারী, জনস্বার্থ ও রাষ্ট্রের পাহারাদার। গণমাধ্যমই সঠিক পথ বাতলে দেয় যাতে সরকার, প্রশাসন ও জনগণ সঠিক পথে পরিচালিত হতে পারে। গণমাধ্যম সরকার, প্রশাসন ও জনগণের প্রতিপক্ষ নয়; তবে জনস্বার্থে নজরদারী করবে। কাজেই বলিষ্ট ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া জনস্বার্থের রাষ্ট্রব্যবস্থা শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না।
তিনি আরও বলেন, “পেশাদার ও সৎ সাংবাদিকরাই টিকে থাকবেন। যারা টিকে আছেন তাদের অভিবাদন জানাই। তারা সত্যি সত্যিই এই পেশাকে ব্রত হিসেবে নিয়েছেন।
আমার মনে হয়, সৎ ও পেশাদার সাংবাদিকরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকবে।
যারা নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতার মতো মহান পেশাকে ব্রত হিসেবে নিতে চান তারাই টিকে থাকবেন।
এ কথা এ কারণে বলছি যে, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব ছাড়া সুসাংবাদিকতা হয় না। আগে মনেপ্রাণে এই তিনটি বিষয় ধারণ করতে হবে।
সাংবাদিকতা পেশার সামগ্রিক স্বার্থেই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে।
কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পেলেই লিখে দিতে হবে তা মোটেই গ্রহণযোগ্য নয়। ভালোভাবে যাচাই করতে হবে। একজন রিপোর্টারের কলমের খোঁচায় অনেক বড় ক্ষতি হতে পারে। আবার অনেক বড় উপকারও হতে পারে। মানুষের উপকারের বিষয়টিই আমাদের মাথায় রাখতে হবে। দেশ ও দেশের মানুষের মঙ্গল সাধনই তো সাংবাদিকদের কাজ।”
এ সময় আরও বক্তব্য রাখেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহবায়ক আবুজার রহমান বাবলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি কাওছার ইকবাল, কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক ইত্তেফাক এর শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি এম মুসলিম চৌধুরী, দৈনিক সংগ্রাম এর শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রব, দৈনিক করতোয়ার শ্রীমঙ্গল প্রতিনিধি নূর মােহাম্মদ সাগর, দৈনিক আমাদের কণ্ঠ’র শাকের আহমেদ, বিজনেস বাংলাদেশ এর শ্রীমঙ্গল প্রতিনিধি মিজানুর রহমান আলম, বাংলাদেশ প্রতিক্ষণ এর বার্তা সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক উত্তর-পূর্বকোন এর শ্রীমঙ্গল প্রতিনিধি মামুন আহমেদ, দৈনিক সময়ের আলো’র শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীম প্রমূখ।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। এসব সংবাদ প্রকাশের জেরে গত ২৫ অক্টোবর সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের হয় হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন, সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে অনুসন্ধান ও তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্বের অংশ। সংবাদ প্রকাশের কারণে মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ কিংবা পেশাগত দায়িত্ব পালনে ভীতি সৃষ্টির প্রয়াস। আইনকে হাতিয়ার হিসেবে কাজে লাগানোর নজির আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং জনস্বার্থে তথ্য প্রকাশের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জনস্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সংকুচিত হলে সাধারণ মানুষের জানার অধিকারও ক্ষতিগ্রস্ত হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের ভয়ভীতি, হয়রানি, চাপ কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কি না -তাও খতিয়ে দেখতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক এহসানুল হকসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও স্বাধীন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার দাবী জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top