মানিকগঞ্জের শিবালয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একজনের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রংপুরের পীরগাছা উপজেলার ছোট আয়াত খা গ্রামের আকবর হোসেনের ছেলে কাউসার হোসেন (২৭) এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে শিবালয় উপজেলার কলাগাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মধুমতি সিএনজি অ্যান্ড এলপিজি লিমিটেডের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় কাউসার হোসেনকে আটক করে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৬০ গ্রাম এবং পুলিশের হিসাবে এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে, একই রাতে উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের মুন্নাফ মোল্লার বাড়ির সামনে অভিযান চালিয়ে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৩ দশমিক ১ গ্রাম। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসির একটি হাঙ্ক মোটরসাইকেল জব্দ করা হয়।এ ঘটনায় এসআই (নিঃ) প্রদীপ কুমার সাহাজী বাদী হয়ে মামলা করেছেন।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




