নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক থেকে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় এক অজ্ঞাতনামা নারীকে উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং লোহাগড়া থানা পুলিশের হেফাজতে নিরাপদ আশ্রয়ে আছেন। তাঁর পরিচয় শনাক্ত ও পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী লোহাগড়া উপজেলা সদরের একটি সড়কে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা লোহাগড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নারী বর্তমানে সুস্থ আছেন এবং থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর পরিবারের সদস্য বা কোনো স্বজন তাঁকে চিনতে পারলে কিংবা তাঁর পরিচয় সম্পর্কে তথ্য জানা থাকলে দ্রুত লোহাগড়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
ওই নারীর পরিচয় শনাক্তে এবং তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।




