লালপুরে হ্যাকিং-প্রতারণা চক্রের ৬ সদস্য আটক, জব্দ ৬৮ সিম ও ৯ মোবাইল

নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণার অভিযোগে একটি চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল অপারেটরের ৬৮টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মোহরকয়া গ্রামের একটি টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—মোহরকয়া গ্রামের মৃত রব্বেল মোল্লার ছেলে ওহিদুল মোল্লা (৩২), একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩), মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মৃত বেলাল আলীর ছেলে মোতাকাব্বির আলী (২৩), বিলমাড়িয়া গ্রামের মৃত কফের আলীর ছেলে শুকুর আলী (৫০), পানসিপাড়া গ্রামের আতাহার প্রামাণিকের ছেলে আলামিন (২৩) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের সামাদ মন্ডলের ছেলে মুক্তার আলী (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মো. আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল মোহরকয়া গ্রামের ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখানে অবস্থানরত ছয়জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৬৮টি সিম কার্ড উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাকিং এবং প্রতারণার কাজে এসব মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করতেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, হ্যাকিং, প্রতারণাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top