লামার সরইয়ে বন্যহাতির তাণ্ডব, ৬০ হাজার টাকার ফসল নষ্টের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বন্যহাতির পাল কৃষিজমিতে প্রবেশ করে ফসল নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন মোঃ শাহজাহান (৩৮) নামে এক কৃষক। এতে তাঁর আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী কৃষক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বান্দরবান জেলার লামা উপজেলার ৫ নম্বর সরই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বন্যহাতির একটি পাল তাঁর জমিতে প্রবেশ করে ফসল নষ্ট করে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী কৃষক মোঃ শাহজাহানের দাবি, ফসল নষ্ট হওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষিকাজের ওপর নির্ভরশীল হওয়ায় এ ক্ষতি তাঁর জীবিকায় প্রভাব ফেলেছে বলেও তিনি জানান।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির প্রতিকার, সরকারি সহায়তা এবং ভবিষ্যতে বন্যহাতির আক্রমণ থেকে কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
এদিকে, বন্যহাতির আক্রমণ থেকে কৃষিজমি রক্ষা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি উঠেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top