১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছেন যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৯ নভেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী মো. মাসুদ পারভেজের নেতৃত্বে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। এতে যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে, লকডাউন কর্মসূচির প্রতিবাদ এবং ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার উদ্দেশ্যে শিবালয় উপজেলায় মোটরসাইকেল বহর নিয়ে সড়কে অবস্থান করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন।
এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পারভেজ বলেন, তাঁরা মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চান। কোনো ধরনের সংঘাত, বিশৃঙ্খলা কিংবা সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হোক, তা তাঁরা চান না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রেও জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন।
এদিকে, মোটরসাইকেল বহর নিয়ে মহাসড়কে অবস্থানকালে যান চলাচল স্বাভাবিক রাখার কার্যক্রম পরিচালনা করেন নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ছিল।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের তৎপরতা লক্ষ্য করা গেছে।




