ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ মো. জাহাঙ্গীর (৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার রাতে রাজাপুর সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী রাড়ী বাড়ি বিদ্যালয়ের সম্মুখে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর ওই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের শাহেব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টা ৫০ মিনিটে সদর ইউনিয়নের গ্রাম পুলিশের সহায়তায় ছোট কৈবর্তখালী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় রাড়ী বাড়ি বিদ্যালয়ের সম্মুখ থেকে হাতেনাতে গাঁজাসহ জাহাঙ্গীরকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ০১ বছর ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে রাজাপুরে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




