ঝালকাঠির রাজাপুরে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে কিরাত ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসা হলরুমে ‘আরাজাপুর ট্রাস্ট’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মহানুভবতা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।




