রাজকীয় শাসনের অবসান থেকে পৌরসভার নতুন অধ্যায়

রাজা-রাজড়ার শাসন, ব্রিটিশ ঔপনিবেশিক আমল, দেশভাগ ও স্বাধীনতার দীর্ঘ ইতিহাস পেরিয়ে এবার স্থানীয় সরকারব্যবস্থার নতুন অধ্যায়ে প্রবেশ করছে সিলেটের ঐতিহাসিক জনপদ জৈন্তাপুর। জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার প্রস্তাবে সরকারের চূড়ান্ত অনুমোদন মিলেছে। এতে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এগিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ইতিহাস অনুযায়ী, আনুমানিক ১৫০০ খ্রিষ্টাব্দে খাসিয়া-সুতঙ্গা রাজবংশের অধীনে স্বতন্ত্র জৈন্তিয়া রাজ্যের বিকাশ ঘটে। প্রভাত রায় থেকে রাজেন্দ্র সিংহ পর্যন্ত বিভিন্ন শাসকের আমলে জৈন্তাপুর ছিল গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। ১৮৩৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলের মধ্য দিয়ে রাজকীয় শাসনের অবসান ঘটে। তবে রাজবাড়ির ধ্বংসাবশেষ, জৈন্তেশ্বরী মন্দির ও মেগালিথিক পাথর আজও বহন করছে সেই ঐতিহ্যের স্মৃতি।

সিলেট নগরী থেকে প্রায় ৪১ কিলোমিটার দূরের এ জনপদ প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও পর্যটনসম্ভাবনার জন্য পরিচিত। ডিবির হাওরের লাল শাপলার বিল, ঐতিহাসিক স্থাপনা ও খাসিয়া জনগোষ্ঠীর জীবনধারা পর্যটকদের আকর্ষণ করে। তবে জনবসতি ও ব্যবসা-বাণিজ্য বাড়লেও পরিকল্পিত সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য নাগরিক সেবায় রয়েছে ঘাটতি।

পৌরসভা গঠনের উদ্যোগের অংশ হিসেবে গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে ডিও লেটার দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে ১৫ অক্টোবর এসআরও নং ৩৭০-আইন/২০২৬-এর মাধ্যমে নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের ১২টি মৌজার নির্ধারিত এলাকাকে শহর ঘোষণা করা হয়। ১৭ অক্টোবর তা গেজেটে প্রকাশিত হয়। সর্বশেষ ১৬ নভেম্বর নিকার সভায় জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়।

জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু বলেন, পৌরসভা অনুমোদনে তাঁরা আনন্দিত। এখন কার্যকর নাগরিক সেবা নিশ্চিত করাই প্রধান প্রত্যাশা।

পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব সাংবাদিক নুরুল ইসলাম বলেন, পৌরসভা হলে ঐতিহাসিক ও প্রাকৃতিক পর্যটনকেন্দ্রগুলোর সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নের সুযোগ বাড়বে। এতে স্থানীয় অর্থনীতিও উপকৃত হতে পারে।

বৃহত্তর জৈন্তা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক গুলজার আহমদ হেলাল বলেন, আধুনিক নগরায়ণ ও উন্নত নাগরিক সুবিধা তাঁদের দীর্ঘদিনের দাবি। পৌরসভা অনুমোদন সেই প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ইতিহাস গবেষক আসিফ আযহার বলেন, জৈন্তাপুর আটশো বছরেরও বেশি প্রাচীন ঐতিহাসিক নগরী। পৌরসভা গঠনের উদ্যোগ ঐতিহাসিক পরিচয় পুনরুদ্ধার, প্রত্নসম্পদ সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার নয় মাসের মধ্যে জৈন্তাপুর পৌরসভার অনুমোদন পাওয়া বড় সফলতা। এর ফলে প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে জৈন্তাপুর এগিয়ে যাবে।

স্থানীয় বাসিন্দা সালেহীন মুরশেদ বলেন, পরিকল্পিত সড়কব্যবস্থা, আধুনিক ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে উঠলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আসবে।

রাজকীয় শাসনের অবসানের প্রায় দুই শতাব্দী পর পৌরসভা গঠনের মধ্য দিয়ে নতুন প্রশাসনিক পরিচয় পেতে যাচ্ছে জৈন্তাপুর। তবে এ পরিবর্তনের প্রকৃত সুফল নিশ্চিত করতে পরিকল্পিত নগরায়ণ, নাগরিক সেবার উন্নয়ন এবং ঐতিহাসিক প্রত্নসম্পদ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা স্থানীয়দের।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top