যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বে শক্তিশালী নরইস্টারের তাণ্ডব, ১ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন, নিহত ১

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী নরইস্টার ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও উত্তাল ঢেউয়ে উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা ও জোয়ারের বন্যা দেখা দিয়েছে।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, শনিবার ও রোববার (২৬-২৭ সেপ্টেম্বর) ঝড়টি নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা দিয়ে বয়ে যায়। ঝড়ের প্রভাবে প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে নিউ জার্সি উপকূল, লং আইল্যান্ড ও কানেকটিকাটে।
এদিকে ব্রুকলিনে গাছ পড়ে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রবল বাতাসে মন্টক পয়েন্টে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮১ মাইল পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, কয়েক দিন তাণ্ডব চালানোর পর রোববার সন্ধ্যায় ঝড়টি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে। তবে সোমবার পর্যন্ত উপকূলীয় এলাকায় জোয়ারের পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
ঝড়ের কারণে দেশজুড়ে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে ৪ ঘণ্টা পর্যন্ত ফ্লাইট বিলম্বের খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top