যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মালামালগুলো জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে – ৪৫টি ভারতীয় শাড়ি, ১টি থ্রিপিস, ২টি টি-শার্ট, ১১টি কম্বল, ১ প্যাকেট ফুচকা, ১৫১টি চকলেট, ৭ প্যাকেট খৈনি ও ১২৩টি কসমেটিকস সামগ্রী।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।




