মোংলায় পরিকল্পিত চীনা অর্থনৈতিক অঞ্চলের কাছে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে বাংলাদেশে এটিই হবে প্রথম এসএমআর প্রকল্প।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ মূলত মোংলা অর্থনৈতিক অঞ্চলে সরবরাহ করা হবে। সেখানে চীনা ও অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতেই এই উদ্যোগ। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রি এবং জাতীয় গ্রিডে সরবরাহেরও সুযোগ থাকবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২,৪০০ মেগাওয়াট সক্ষমতার বাইরে দেশের পারমাণবিক জ্বালানি কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগের মধ্যেই এই নতুন প্রস্তাব এলো। এসএমআর প্রযুক্তি তুলনামূলক কম খরচ, কম সময়ে নির্মাণযোগ্য এবং অধিক নিরাপদ হিসেবে বিবেচিত।
প্রস্তাবটি বর্তমানে সরকারের পর্যালোচনাধীন রয়েছে। অনুমোদন পেলে এটি দেশের দক্ষিণাঞ্চলের শিল্পায়ন ও জ্বালানি নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




