ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজামানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের মধ্য বাড়েরা মুজিব মার্কেটে ঘটনা ঘটে।
নিহত সুরুজামান (৩৫) মধ্য বাড়েরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ডের অহ্বায়ক কমিটির সদস্য।
তার বড় ভাই মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নং ওয়ার্ডের আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছোট মেয়েকে সাথে নিয়ে স্থানীয় মুজিব মার্কেট থেকে জুতা কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সুরুজ্জামান। এ সময় কয়েকজন তার পথরোধ করে এলোপাথারী কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে আছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারন জানতে পুলিশ মাঠে কাজ করছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




