মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধাকে গলাকাটা অবস্থায় উদ্ধার, ঢাকায় স্থানান্তর

মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দাশড়া এলাকায় ননীবালা চক্রবর্তী (৯০) নামে এক বৃদ্ধাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তার ছেলে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পূর্ব দাশড়া এলাকার নিজ বাড়িতে ননীবালা চক্রবর্তীকে গলাকাটা অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি আশপাশের লোকজন ও বৃদ্ধার ছেলেদের ডাকাডাকি করেন। খবর পেয়ে তার ছেলে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ননীবালা চক্রবর্তী প্রয়াত দেবেশ চক্রবর্তীর স্ত্রী এবং মানিকগঞ্জ পূর্ব দাশড়ার দেজেন চক্রবর্তীর মা। দেজেন চক্রবর্তী একজন এনজিওকর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, ননীবালা চক্রবর্তী একাই ওই বাড়িতে থাকতেন। তার ছেলেরা একই ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করেন। পরিবারের দাবি, বৃদ্ধার শরীরে কিছু স্বর্ণের অলংকার ছিল। তবে ঘটনার পর তার শরীরে ওই অলংকারগুলো দেখা যায়নি বলে জানিয়েছেন তার ছেলের বউ।
ঘটনার কারণ এবং কীভাবে তিনি আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনাটি তদন্ত করছেন মানিকগঞ্জ সদর থানার এসআই আয়নাল হোসেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top