মাদক মামলায় সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে সবুজ শিকদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সবুজ শিকদার টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ইছাপুর গ্রামের আজাহার আলী শিকদারের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২১ জানুয়ারি সিরাজগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় পুলিশের কাছে খবর আসে, পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৪০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।

এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জুয়েল রানা বাদী হয়ে সবুজ শিকদারকে আসামি করে মামলা করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত সবুজ শিকদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top