মাগুরার মহম্মদপুরে মায়ের কোল থেকে নিখোঁজ হওয়ার একদিন পর আট মাস বয়সী শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকায় লক্ষ্মীপুর-বালিদিয়া সড়কসংলগ্ন মৃত আব্দুস সামাদের পারিবারিক পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
পরে শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি নিখোঁজ রাশমিতার বলে শনাক্ত করেন।
পরিবারের দাবি, সোমবার মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজারে মাকে অচেতন করে শিশুটিকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একদিন পর পুকুরে তার মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং কীভাবে সে পুকুরে পৌঁছাল, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানা গেছে।
এদিকে এমন মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকে যেন ছাড় দেওয়া না হয়।
আট মাসের নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।




