মাওলানা আফলাতুন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মেধা ও মননের বিকাশ ঘটানোর লক্ষ্যে চট্টগ্রাম জেলার সন্দ্বীপে ৬টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মাওলানা আফলাতুন স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে পঞ্চম শ্রেণির মোট ১৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাছুয়া, সন্তোষপুর, কালাপানিয়া, বাউরিয়া, আমানউল্যা ও হারামিয়া—এই ৬টি ইউনিয়নের প্রায় ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একাধিক পরীক্ষা কেন্দ্র ও প্রায় ১৫ জন পরিদর্শক দায়িত্ব পালন করেন।

​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ জনপদের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রতিবছর এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক প্রতিনিধি ও আয়োজক কমিটির সদস্যরা।

​অভিভাবক ও স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের বৃত্তিমূলক আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে এবং ভবিষ্যতে ভালো ফলাফল করতে উৎসাহ জোগায়। দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণের কথা জানিয়েছেন আয়োজকরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top