ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে দুজনের মৃত্যুর কথা স্বীকার করল এমপি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ মারা যায়নি এমন দাবি করা হলেও এবার আগুনের আতঙ্কে দুজনের মৃত্যুর কথা স্বীকার করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তবে তিনি দাবি করেছেন, বাকি দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন।

আজ বুধবার সকালে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন তিনি।

সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। মৃতের তালিকায় জাহানারা বেগমের নাম থাকলেও তিনি জীবিত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, আগুনের আতঙ্কে দুজনের মৃত্যু হয়েছে। অন্য দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন। তবে পদদলিত বা অগ্নিদগ্ধ হয়ে কারও মৃত্যু হয়নি।

এ সময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন বলেন, অগ্নিকাণ্ডের পর কীভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে, তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হবে। তিনি আরও বলেন, হাসপাতালের সব সমস্যা সমাধানে সময় দিতে হবে।তবে নিহতদের স্বজনদের দাবি, অগ্নিকাণ্ডের পর আতঙ্ক ও হুড়োহুড়ির মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ফুলবাড়িয়ার শাহজাহান মনির (৪৫), রমজান আলী (৩৮), তারাকান্দার কুলসুম আক্তার (৩৫) এবং নেত্রকোনার পূর্বধলার হাজেরা বেগম (৫০) রয়েছেন বলে দাবি তাঁদের।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের ১১ নম্বর লিফটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top