ভারতের স্যাটেলাইট সংযোগ বদলে দিতে পারে নেপালের যোগাযোগব্যবস্থা

হিমালয়ের দেশ নেপালের দীর্ঘদিনের উন্নয়ন চ্যালেঞ্জগুলোর একটি মোকাবিলায় স্যাটেলাইট প্রযুক্তির দিকে ঝুঁকছে ভারত ও নেপাল। দুর্গম ভৌগোলিক অবস্থান এবং অবকাঠামো নির্মাণের উচ্চ ব্যয়ের কারণে দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্কের সুবিধা থেকে বঞ্চিত। এই পরিস্থিতির পরিবর্তন আনতেই উদ্যোগ নিয়েছে দুই দেশ।

গত ২৩ নভেম্বর নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নয়াদিল্লি সফরকালে ভারত ও নেপাল ভারতের জিএসএটি-৯ (GSAT-9) স্যাটেলাইট ব্যবহার করে একটি স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠায় সম্মত হয়। এটি সাউথ এশিয়া স্যাটেলাইট নামেও পরিচিত।

দুই নেতার উপস্থিতিতে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে একসঙ্গে কাজ করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়।

প্রস্তাবিত এই নেটওয়ার্কে থাকবে একটি কেন্দ্রীয় গ্রাউন্ড স্টেশন এবং নেপালজুড়ে স্থাপন করা হবে ৩০০টি ব্যবহারকারী টার্মিনাল। ভারত বিনা মূল্যে ৩৬ মেগাহার্টজ স্যাটেলাইট ব্যান্ডউইথ সরবরাহ করবে। এর ফলে বিদ্যমান একটি ভারতীয় মহাকাশযানের যোগাযোগ সক্ষমতা ব্যবহার করতে পারবে নেপাল।

এই চুক্তির গুরুত্ব হলো, মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে দেশটির একটি বাস্তব অবকাঠামোগত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। নেপালের জনবসতিগুলো পাহাড়, উপত্যকা ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে।

এসব এলাকায় প্রচলিত টেলিযোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণে বিপুল বিনিয়োগ প্রয়োজন। পাশাপাশি প্রযুক্তিগতভাবেও কাজটি বেশ কঠিন।

স্যাটেলাইট যোগাযোগ এ ক্ষেত্রে একটি বিকল্প ব্যবস্থা দিতে পারে। এর মাধ্যমে ভূ-পৃষ্ঠের প্রচলিত কেবল ও মোবাইল টাওয়ারের ওপর সম্পূর্ণ নির্ভর না করেই গ্রাউন্ড টার্মিনালগুলো স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে তথ্য আদান-প্রদান করতে পারবে।

প্রস্তাবিত এই নেটওয়ার্কের মাধ্যমে বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো জনসেবামূলক কার্যক্রমে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলো স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে বড় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারবে। পাশাপাশি চিকিৎসাসংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং পেশাদার পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি হবে। ডিজিটাল অবকাঠামোর সীমাবদ্ধতা থাকা স্কুলগুলোও অনলাইন শিক্ষাসামগ্রী ও দূরশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবে।

দুর্যোগ ব্যবস্থাপনাও এই প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োগক্ষেত্র। নেপাল ভূমিকম্প, ভূমিধস ও বন্যাপ্রবণ দেশ। এসব দুর্যোগে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রচলিত যোগাযোগ নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

এ ধরনের পরিস্থিতিতে স্যাটেলাইট সংযোগ বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। এর মাধ্যমে প্রচলিত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও কর্তৃপক্ষ তথ্য আদান-প্রদান এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় করতে পারবে।

এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলো, এর জন্য নতুন কোনো স্যাটেলাইট তৈরি বা উৎক্ষেপণের প্রয়োজন হবে না। ২০১৭ সালের মে মাসে ইসরোর উৎক্ষেপণ করা জিএসএটি-৯ স্যাটেলাইটের যোগাযোগ সক্ষমতা ব্যবহার করবে নেপাল। পাশাপাশি স্যাটেলাইটটির সেবা গ্রহণের জন্য প্রয়োজনীয় ভূমিভিত্তিক অবকাঠামো গড়ে তুলবে দেশটি।

এর ফলে একই ধরনের মহাকাশভিত্তিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে নিজস্বভাবে বিনিয়োগ না করেই বিদ্যমান একটি স্যাটেলাইটের সুবিধা পাবে নেপাল। অন্যদিকে, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নিজেদের মহাকাশ কর্মসূচির ব্যবহারিক প্রয়োগ আরও সম্প্রসারণের সুযোগ পাবে ভারত।

জিএসএটি-৯: আঞ্চলিক মহাকাশ সহযোগিতার মডেল

আঞ্চলিক যোগাযোগ স্যাটেলাইট হিসেবে জিএসএটি-৯ তৈরি করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ২০১৭ সালের ৫ মে ভারতের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি-এফ০৯ (GSLV-F09) রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের সার্ক সম্মেলনে এ উদ্যোগের প্রস্তাব দেওয়ার পর প্রকল্পটি প্রাথমিকভাবে ‘সার্ক স্যাটেলাইট’ নামে পরিকল্পনা করা হয়েছিল। তবে পাকিস্তান এতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পরবর্তী সময়ে এর নাম পরিবর্তন করে ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ রাখা হয়।

আঞ্চলিক উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে স্যাটেলাইটটির অর্থায়ন করে ভারত। এর মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিবেশী দেশগুলোকে স্যাটেলাইটটির যোগাযোগ সক্ষমতা ব্যবহারের সুযোগ দেওয়া হয়।

জিএসএটি-৯ ভূস্থির কক্ষপথে অবস্থান করছে। এতে রয়েছে কু-ব্যান্ড যোগাযোগ ট্রান্সপন্ডার, যা টেলিভিশন সম্প্রচারসহ বিভিন্ন যোগাযোগসেবা দিতে সক্ষম। স্যাটেলাইটটির উৎক্ষেপণকালীন ভর প্রায় ২ হাজার ২৩০ কেজি। এর সৌর প্যানেল থেকে প্রায় ৩ হাজার ৫০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। স্যাটেলাইটটির নকশাগত কার্যকাল ছিল ১২ বছর।

এই উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। পাকিস্তান এতে যোগ দেয়নি।

যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, দূরশিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগসংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অঞ্চলে যোগাযোগব্যবস্থা সম্প্রসারণে সহায়তা করার লক্ষ্য নিয়ে স্যাটেলাইটটি তৈরি করা হয়েছিল।

এই উদ্যোগের মূল ধারণা ছিল, ভারতের মহাকাশ প্রযুক্তির সক্ষমতাকে আঞ্চলিকভাবে সবার ব্যবহারের উপযোগী একটি যৌথ সম্পদে পরিণত করা। এর ফলে প্রতিবেশী দেশগুলোর একই ধরনের অবকাঠামো নিজেদের উদ্যোগে গড়ে তোলার প্রয়োজন কমবে।

নেপালের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে এবার কেন্দ্রীয় স্টেশন ও নির্দিষ্টসংখ্যক টার্মিনালের সমন্বয়ে একটি বিস্তৃত ভূমিভিত্তিক নেটওয়ার্ক গড়ে তুলে সেই ধারণাকে বাস্তবে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্যাটেলাইট যোগাযোগবিষয়ক এই চুক্তি নয়াদিল্লি ও কাঠমান্ডুর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার বৃহত্তর প্রচেষ্টারও অংশ।

শাহের সফরকালে দুই সরকার ‘বিকশিত ভারত ও সমুন্নত নেপাল’ শীর্ষক একটি যৌথ রূপকল্প দলিল প্রকাশ করে।

১০টি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি এই কাঠামোয় দুই দেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে যোগাযোগ, জ্বালানি, পানিসম্পদ, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, ডিজিটাল সেবা, খেলাধুলা, স্টার্টআপ এবং প্রযুক্তিগত উদ্ভাবন।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি দলিলটিকে দুই দেশের মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তৈরি একটি ভবিষ্যৎমুখী কাঠামো হিসেবে বর্ণনা করেছেন।

মহাকাশ সহযোগিতা এই দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশমান ক্ষেত্রগুলোর অন্যতম।

প্রস্তাবিত স্যাটেলাইট নেটওয়ার্ক দুই দেশের বৃহত্তর অংশীদারত্বে একটি সুনির্দিষ্ট প্রযুক্তিগত মাত্রা যুক্ত করছে। তবে এর প্রকৃত প্রভাব নির্ভর করবে ৩০০টি টার্মিনাল স্থাপন, গ্রাউন্ড স্টেশনের কার্যকারিতা এবং প্রত্যন্ত অঞ্চলের সরকারি প্রতিষ্ঠানগুলো কতটা কার্যকরভাবে এই যোগাযোগসেবা ব্যবহার করতে পারছে, তার ওপর।

নেপালের তাৎক্ষণিক লক্ষ্য হলো প্রচলিত অবকাঠামোর আওতার বাইরে থাকা এলাকাগুলোতে যোগাযোগসেবা পৌঁছে দেওয়া। অন্যদিকে, আঞ্চলিক উন্নয়নে সহায়তার জন্য নিজেদের মহাকাশ প্রযুক্তি ব্যবহারের আরও একটি ক্ষেত্র তৈরি করছে ভারত।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top