পিরোজপুরের ভান্ডারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বাস পুড়ে গেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম (হেলপার) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল বাস মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি বাস মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় একদল দুর্বৃত্ত। বাস দুটিতে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জানা গেছে, ‘লিসা’ বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অপরদিকে ‘বাহক’ বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান ও ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




