৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি / জেলা অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। শহীদ জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনাই আজও জাতিকে পথ দেখায়।
আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তিতে পুরো হল মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা আগামী প্রজন্মের মাঝে ৭ নভেম্বরের সঠিক ইতিহাস তুলে ধরা এবং জাতীয় ঐক্য, মাদকমুক্ত সমাজ ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




