লক্ষ্মীপুরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ রহিত করে ‘লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই খসড়া আইনের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় তৈরির লক্ষ্যে গত ৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (বিশ্ববিদ্যালয়) প্রধান করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির তৈরি করা খসড়ার ওপর বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত আহ্বান করা হয়েছে।
নতুন প্রস্তাবিত আইন অনুযায়ী, লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রায়োগিক বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞানসহ আধুনিক প্রযুক্তির ভিত্তিতে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষা ও গবেষণার সুযোগ থাকবে। এছাড়া ক্যাম্পাসভিত্তিক শিক্ষার পাশাপাশি আধুনিক অনলাইন দূরশিক্ষণ এবং শিল্প-অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন মেয়াদের কোর্স পরিচালনা করা হবে।
এর আগে মন্ত্রিপরিষদের দশম বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তির পরিবর্তে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ গেজেট আকারে প্রকাশিত হলেও তা দীর্ঘদিন কার্যকর ছিল না। বর্তমানে সেটিকেও একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া চলছে।




