বারহাট্টায় সরকারি ট্যাগ নাম্বার লাগিয়ে ধানের বীজ বিক্রির অভিযোগ, ৬৯০ টাকার প্যাকেট বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সরকারি লেবেল লাগিয়ে নিম্নমানের ও ভেজাল ধানের বীজ বিক্রির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বাজারে ব্রি-৯৬ ধানের বীজের সংকটকে পুঁজি করে খোলা বীজ প্যাকেটজাত করে তাতে সরকারি ট্যাগ নাম্বার লাগিয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। ৬৯০ টাকা মূল্যের বীজের প্যাকেট বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১ হাজার টাকায়। এতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ কৃষকদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার কয়েকজন বীজ ব্যবসায়ী বিভিন্ন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছেন। অভিযোগ রয়েছে, কৃষকদের কাছ থেকে প্রতি মণ ধান ১ হাজার ৪০০ টাকায় কিনে তা বীজ হিসেবে প্রস্তুত বা প্যাকেটজাত করে প্রায় ৪ হাজার টাকা মণ দরে বিক্রি করা হচ্ছে। উপজেলার আসমা গ্রামের কৃষক রফিকুল ইসলামের কাছ থেকেও কয়েকজন বীজ ব্যবসায়ী ধান কিনে নিয়েছেন বলে জানা গেছে। তবে এসব ধান কোথায় প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং কীভাবে সরকারি লেবেলযুক্ত প্যাকেটে বাজারজাত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
উপজেলার মনাষ গ্রামের কৃষক আবদুর রহমান ও কাদির মিয়া জানান, তাঁরা ব্রি-৯৬ ধানের বীজের প্যাকেট ১ হাজার টাকা করে গোপালপুর বাজার থেকে  কিনেছেন। কোনটি এক নম্বর আর কোনটি দুই নম্বর বীজ, তা তাঁরা বোঝেন না। সরকারি প্যাকেটের মতো দেখতে হওয়ায় তাঁরা বীজ কিনেছেন।
কৈনাটি গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, আমি গোপালপুর বাজারের মইন উদ্দিন এর দোকান থেকে ১০ কেজির দুই বস্তা ধানের বীজ ১ হাজার ৯০০ টাকায় কিনেছি। আমরা তো এত কিছু বুঝি না। প্যাকেটে সরকারি লেবেল থাকলে সেটাকেই আসল মনে করি।
এ বিষয়ে মাইন উদ্দিন ট্রেডার্সের মালিক মাইন উদ্দিন বলেন, আমার নামে ব্রি-৯৬ ধানের বীজ খুব বেশি বরাদ্দ হয়নি। আমি মধুপুর থেকে এনে বেসরকারি কোম্পানির বীজ বিক্রি করছি।
তবে তাঁর দোকানে বিক্রি করা বীজের প্যাকেটে সরকারি ট্যাগ এবং প্রতি কেজি ৬৯ টাকা মূল্য লেখা থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দোকানে তো অনেকেই থাকে – আমি বিষয়টি দেখব।
অন্যদিকে, বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, এমন অভিযোগ আমরা পাইনি। বারহাট্টায় অনেক ডিলারের নামেই ব্রি-৯৬ ধানের বীজ বরাদ্দ হয়নি।
যেসব ডিলারের নামে ব্রি-৯৬ ধানের বীজ বরাদ্দ নেই, তাঁদের দোকানে শত শত প্যাকেট বীজ মজুত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা বলেন, বিষয়টি তিনি দেখবেন।
কৃষকদের অভিযোগ, বাজারে বীজের সংকট ও যথাযথ তদারকির অভাবে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। তাঁদের দাবি, কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিতভাবে বীজের দোকানগুলো তদারকি করলে এমন অনিয়মের সুযোগ কমে আসত।
অন্যদিকে, কৃষি কর্মকর্তার এমন বক্তব্যের পরও বরাদ্দবিহীন ডিলারদের দোকানে বিপুল পরিমাণ ব্রি-৯৬ বীজ কীভাবে আসছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বীজের উৎস, মান, প্যাকেটের সরকারি লেবেলের বৈধতা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন কৃষকরা।
কৃষকের ফসল উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ মানসম্মত বীজ। অথচ বীজের মতো গুরুত্বপূর্ণ উপকরণ নিয়েই যদি কৃষকদের প্রতারণার শিকার হতে হয়, তাহলে তাঁদের ক্ষতির দায় কে নেবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top